গুচ্ছ ছাড়তে পাঁচ দিনের আল্টিমেটাম জবি শিক্ষার্থীদের

শিক্ষাবার্তা ডেক্সঃ গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার দাবিতে মানববন্ধন ও উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তারা নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফিরে আসার দাবি জানিয়েছে। দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছে তারা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুব অল্প সময়ে সব ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে, যা অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম লিখিত প্রশ্ন যুক্ত করে এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে পুরোপুরি লিখিত প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এরপর থেকে গুচ্ছ পদ্ধতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুক্ত হয়। গুচ্ছ পদ্ধতিতে গিয়ে জবি তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে।

তারা আরও বলেন, গত কয়েক বছরে এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর ভিত্তি করে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারতো। কিন্তু গুচ্ছ পদ্ধতিতে এখন গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হচ্ছে। যা আমাদের জন্য লজ্জার। জগন্নাথ যখন ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারেনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এক সেমিস্টার শেষ করে ফেলছে। এতে একই সেশনের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে এবং সেশনজট তৈরি হচ্ছে।

এসময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, ‘ঢাকার মধ্যে অপর দুই বিশ্ববিদ্যালয়ের যেখানে এক সেমিস্টার শেষ সেখানে কেবল আমাদের ক্লাস শুরু। দীর্ঘ এ ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের ভোগান্তি বাড়িয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মান কমাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ দিনের আলটিমেটাম দিচ্ছি যেন প্রশাসন গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসে।’

স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের কথায় তো কিছু হবে না। এটা একাডেমিক কাউন্সিলের বিষয়। সব সিদ্ধান্ত হবে একাডেমিক কাউন্সিলে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.