নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অমর একুশে বইমেলায় তিনটি বই প্রদর্শন ও বিক্রি না করার শর্তে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। বাংলা একাডেমির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল।
এর আগে আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে অবিলম্বে প্রকাশনীটিকে স্টল বরাদ্দ দিতে বাংলা একাডেমিকে নির্দেশ দেয়।
পরে ১৩ ফেব্রুয়ারি বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বাংলা একাডেমি। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়।
একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে প্রকাশনীর স্বত্বাধিকারী ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করে। রিটের শুনানিতে প্রকাশনীর তিনটি বই নিয়ে আপত্তি ওঠে। তিনটি বই হচ্ছে, ফাহাম আবদুস সালামের লেখা ‘মিডিয়োক্রিটির সন্ধানে’, জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ এবং ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা।’ আদালত তিনটি বই প্রদর্শন ও বিক্রি না করার বিষয়ে রিট আবেদনকারীপক্ষকে অঙ্গীকারনামা দিতে বলে।
অঙ্গীকারনামা দাখিলের পর শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ স্টল বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছিলে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
