এইমাত্র পাওয়া

বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি ২০ কৃষক

টাঙ্গাইলের দেলদুয়ারে শিক্ষাপ্রতিষ্ঠানের দুই যুগ পূর্তি অনুষ্ঠানে ২০ কৃষককে অতিথি করে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার উপজেলার ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান ইমপ্রুভ শিক্ষা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুরু হয় দেশ ও জাতির কল্যাণে দোয়ার মধ্য দিয়ে। এরপর ক্রীড়া প্রতিযোগিতা, ডিসপ্লে প্রদর্শন ও পুরুস্কার বিতরণী হয়। শিশু শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় উপস্থাপনা অতিথিদের মুগ্ধ করে।

দিনব্যাপী অনুষ্ঠানে শিশুরা জানাজা প্রদর্শন করে দেখান অতিথিদের। সনাতন ধর্মাবলম্বী শিশুরা ব্রাহ্মণের ওপর নির্ভর না করে নিজেদের সরস্বতি পূজা যেন নিজেরাই করতে পারে এজন্য বিদ্যালয়টি পূজাও শিখিয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সরস্বতি পূজা করেও দেখান। এ ছাড়া বিভিন্ন ব্যতিক্রমী ডিসপ্লে প্রদর্শন করা হয়।

ইমপ্রুভ চাইল্ড কেয়ার স্কুলের প্রধানশিক্ষক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননা পাওয়া কৃষকরা বলেন, আমরা কৃষক। সমাজে আমাদের এত মর্যাদা দেওয়া হয় না। প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি করা হয় সমাজের বিশেষ ব্যক্তিদের। কিন্তু আজ এই শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের মতো কৃষকদের অতিথি করে সম্মান দেখিয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।

ইমপ্রুভ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম বলেন, ‘সমাজে সব পেশাজীবী মানুষ সমান গুরুত্বপূর্ণ। সামাজিকভাবে কৃষকদের এতটা সম্মান দেওয়া হয় না। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি করা হয় বিশেষ ব্যক্তিদের। এই বৈষম্য দূর করতে অনুষ্ঠানে ২০ জন কৃষককে অতিথি করা হয়। অনুষ্ঠানে কৃষকরাই ছিল প্রধান অতিথি ও বিশেষ অতিথি। বিগত দিনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সফল মা, সফল পিতা-মাতা ও সফল প্রবাসীদের সম্মাননা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, “পড়া লেখা শেষে চাকরী নাই’ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মন থেকে এই হতাশা দূর করতে শিশুদের পাঠ্যবইয়ের পাশাপাশি কর্মমুখী শিক্ষা কম্পিউটার প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ ও সাধারণ জ্ঞানের প্রতি গুরুত্ব দিয়ে থাকি আমরা।”

প্রতিষ্ঠানটির দুই যুগ পূর্তিতে কেক কাটার পর মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি কৃষকরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.