নিজস্ব প্রতিবেদক।।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ এক লাখ বেড়েছে। একজন হজযাত্রীর প্যাকেজে খরচ পড়বে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আজ সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, আগের বছর হজের প্যাকেজ ছিল দুটি। এর মধ্যে প্যাকেজ-১ এর খরচ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা আর প্যাকেজ-২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। সেবারও খরচ বেড়েছিল আগের বছরের চেয়ে ৫৯ হাজার টাকা। এবার সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ থাকছে একটিই। গতবারের প্যাকেজ-১ এর তুলনায় এবার বেশি পড়বে ৯৬ হাজার ৬৭৮ টাকা। প্যাকেজ-এর তুলনায় খরচ বেশি হবে ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা।
গতবছর বেসরকারিভাবে হজের খরচ পড়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। এবার প্যাকেজ কত হবে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তা জানাবে হজ এজেন্সিগুলোর সংগঠন- হাব।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭শে জুন সৌদি আরবে হজ হবে। সৌদি সরকারের সঙ্গে করা হজ চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, এ বছর শতভাগ হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
