‘দালান-কোঠা বাড়ালেই শিক্ষার মান বাড়বে না’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু বড় বড় দালাল-কোঠা আর ভারী ভারী যন্ত্রপাতি বাড়ালেই শিক্ষার মান বাড়বে না। এর জন্য সঠিক পরিকল্পনা দরকার।

সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর এএইচএম কামারুজ্জামান অডিটরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক রাজশাহী বিভাগীয় অঞ্চলের অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মধ্যে লেখাপড়া করালে হবে না। পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর জোর দিতে হবে।

একজন মানুষকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো নিয়ে অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে।
উদার সাহসিকতার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে দীপু মনি বলেন, আগামীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোকে একই নেটওয়ার্কের আওতায় এনে এ পথ চলাকে আরও সুগম করা হবে। যাতে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের একইভাবে জীবনমুখী শিক্ষায় দক্ষ ও মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে পারে। এজন্য সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কলেজগুলোর গ্রন্থাগারের পরিবেশ আরও উন্নত করতে হবে। যাতে সেখান থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জ্ঞান লাভ করতে পারে।

বর্তমান বিশ্বের শ্রমবাজার শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বিশ্বের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারলে সেখানে ঢুকতে পারবে না। নিজেকে অনেক পরিশ্রম করে মাথা খাটিয়ে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো প্রণয়নে বিভিন্ন বিষয়ে দক্ষ ও বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্টদের এ সময় তিনি ধন্যবাদ জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা, রাবি উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.