শিক্ষাবার্তা ডেস্কঃ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাসাপ্রু মারমা (৭) স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার মেয়ে মাসাপ্রু মারমা ২য় শ্রেণির শিক্ষার্থী। তার রোল নাম্বার ২। সকাল ৯টায় গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার পথে স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সের নিচে পড়ে যায়। অ্যাম্বলেন্সের চালক ঘটনার পর তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমি অফিসে বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্রদের চেঁচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ। পরে দেখি কালো পিচঢালা রাস্তা রক্তে একাকার! কীভাবে কী হলো বুঝে উঠতে পারছি না।
এদিকে, স্কুলছাত্রী নিহতের খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে যান এবং লাশের সুরতহাল প্রতিবেদন করেন। তিনি জানান, লাশের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করবে পুলিশ।
এদিকে, দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী মাসাপ্রু মারমার মৃত্যুতে সহপাঠীরা ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে অনেকে ক্লাস না করে বাড়ি ফিরে গেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩০/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
