শিক্ষাবার্তা ডেস্কঃ বরিশালের মুলাদীতে বিদ্যালয় মাঠে প্রকাশ্যে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করায় শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সফিপুর ইউনিয়নের সমিতিরহাট এলাকায় সফিপুর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে ফয়জুর রহমান টুলু ওই এলাকার আল শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনকে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে ভুক্তভোগী শিক্ষক শুক্রবার দুপুরে মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে ভুক্তভোগী শিক্ষক জাকির হোসেন মুলাদী উপজেলার আল শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরদিকে, অভিযুক্ত ফয়জুর রহমান টুলু সরদার সফিপুর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো। এ সময় বেসরকারি সংস্থা সেইন্ট বাংলাদেশের তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগের জন্য আলোচনা হয়। আলোচনায় শিক্ষক জাকির হোসেন মেধা যাচাইয়ের ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য সেইন্ট বাংলাদেশের কর্মকর্তাদের অনুরোধ করেন। কিন্তু স্থানীয় ফয়জুর রহমান টুলু তার আত্মীয় হিরা নামের একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে বলে জানিয়ে দেন। এ নিয়ে ফয়জুর রহমান টুলু এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে ফয়জুর রহমান জাকির হোসেনকে কিলঘুষি ও লোকজনের সামনে শিক্ষককে জুতাপেটা করে প্রাণনাশের হুমকি দেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে ভুক্তভোগী শিক্ষক জাকির হোসেনকে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে ফয়জুর রহমান টুলুর বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ দেন।
ওই ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে টুলুর বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে তদন্তে এবং ফয়জুর রহমান টুলুকে খুঁজতে গেলে সে ক্ষিপ্ত হন।
শিক্ষক জাকির হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি সমিতির হাটে যান। ওই সময় ফয়জুর রহমান টুলু তাকে থানায় অভিযোগ করায় গালিগালাজ করেন ও হত্যার হুমকি দেয়। পরে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় বাজার থেকে থানায় সাধারণ ডায়েরি করেন।
মুলাদী থানার ওসি তুষার কুমার মণ্ডল বলেন, স্কুলশিক্ষক জাকির হোসেন একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৮/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
