শিক্ষাবার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাচ্চারা কি করে সৃজনশীল মানুষ হবে! মুখস্থ করে কিন্তু সৃজনশীল মানুষ হওয়া যায় না। করে করে শেখাতে হবে। তাহলে সেটা আর সে ভুলবে না এবং আত্মস্থ করবে। নতুন শিক্ষাক্রমে এই ধরনের শিক্ষাক্রমই অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে অভিজ্ঞতামূলক শিক্ষা তরীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, আমরা আমাদের বাচ্চাদের কি শেখাতে চাই। আমরা তাদেরকে ভাষা, বিজ্ঞান, অংক শেখাতে চাই এবং সমাজ সম্পর্কে জানাতে চাই। কিন্তু তার সঙ্গে তারা যেন সত্যিকারে দক্ষ, যোগ্য মানবিক ও সৃজনশীল মানুষ হয়, তার জন্য একই সঙ্গে আমরা তাদেরকে মূল্যবোধও শেখাতে চাই।
মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় হাওড় ও চরাঞ্চলে শিক্ষার্থীরা যখন স্কুলে যেতে পারে না, সে সময়ে বাচ্চারা স্কুলে যেতে না পারলে স্কুল বাচ্চাদের কাছে চলে যাবে। এই ধারণা নিয়ে অনেক থেকে ৫শ’নৌকা দিয়ে সেবা দিয়ে আসছে। সেগুলোর অনেকগুলোকে নৌকা স্কুলে পরিণত করেছে। সেগুলোরই একটি অংশ এখন বিভিন্ন জেলা ভ্রমণ করছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অতিমারির সময় আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। প্রয়োজনে নৌকা নিয়েও যেতে হবে। মূল কথা হচ্ছে- আমাদের শিক্ষায় একটি রূপান্তর ঘটছেই। এটাও রূপান্তরের একটি অংশ। ব্র্যাক বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষাতরী নিয়ে জেলায় জেলায় যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, আমরা দেখি অনেক শিক্ষার্থী গণিত কিংবা বিজ্ঞান বিষয় ভয় পায়। অনেকে বলে বিজ্ঞান ভয়ের বিষয়। কিন্তু বিজ্ঞানও যে মজার ও গণিতও যে আনন্দের বিষয় এবং আনন্দ নিয়ে শেখা যায়, কিন্তু তা কি পদ্ধতিতে শেখালে আনন্দদায়ক হয়, সে পদ্ধতি আমাদের ব্যবহার করতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৮/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
