এমপিও নীতিমালা আজকের মধ্যে বাতিল না করা হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।
আজ বিকাল কিংবা শুক্রবার সকাল থেকে আমরণ অনশন শুরু হতে পারে বলে জানিয়েছেন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে মানববন্ধন করে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম যে, ১৫ তারিখের মধ্যে নীতিমালা স্থগিত না করলে ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা না করলে আমরা নীতিমালা স্থগিত ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে লাগাতার অবস্থানের কর্মসূচি দেবো। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে বসেছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আজকের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা আমরা আমরণ অনশনে যাবো।’
আমরণ অনশনে কখন যাবেন, জানতে চাইলে শফিকুল বলেন, ‘কালকের (বৃহস্পতিবার) মধ্যে যদি ঘোষণা না আসে, তাহলে শুক্রবার সকাল থেকে আমরণ অনশনে যাব। তবে কালকে বিকাল থেকেও যেতে পারি।’
জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষকরা বলছেন, বেষম্য আর অসঙ্গতিপূর্ণ নীতিমালার মাধ্যমে প্রতিষ্ঠান এমপিওভুক্তি করায় স্বীকৃতিপ্রাপ্ত অনেক যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান তালিকা থেকে বাদ পড়েছে।
এ বিষয়ে শফিকুল বলেন, ‘আমাদের মূল দাবি ছিলো, নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা। কিন্তু ২০১৮ সালের ভুলেভরা নীতিমালায় অসংখ্য অসঙ্গতি, যা আমাদের দাবির সঙ্গে কোনোভাবে মিল নাই।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
