শিক্ষাবার্তা ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে পোষ্য কোটা বাতিলের সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা।
আগামী ২৪ জানুয়ারি ডিসি সম্মেলনের প্রথম দিনের তৃতীয় সেশনে এসব সুপারিশ তুলে ধরা হবে বলে জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো জেলা প্রশাসকদের সুপারিশে দেখা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা বাতিল করার সুপারিশ করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক। তার সুপারিশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলাভিত্তিক শিক্ষক নিয়োগে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অধিক যোগ্যতা থাকার পরও পোষ্য কোটা থাকায় কোটাধারী দুর্বল প্রার্থীরা শিক্ষক পদে নিয়োগ পাচ্ছে।
এতে বলা হয়েছে, একই পরিবারে চাকরিজীবীর সংখ্যা বেড়ে যায়, দরিদ্র পরিবার/মেধাবী প্রার্থীরা বঞ্চিত হচ্ছে। তাই পোষ্য কোটা বাতিল করা হলে মেধারভিত্তিতে মানসম্মত শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে।
এছাড়াও সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার শূন্যপদে জনবল নিয়োগের সুপারিশ করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক। তার সুপারিশে বলা হয়েছে, নেত্রকোনায় ৪৬টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদের মধ্যে ২৫টি শূন্য রয়েছে। এ জেলায় কর্মচারীর পদ ৫৮টির মধ্যে ২৭টি শূন্য। ১০ বছর ধরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাই দ্রুত নন-ক্যাডার থেকে এসব পদে জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে গ্রীষ্মকালীন ছুটি ২৫ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত কার্যকর করা, বগুড়া জেলা প্রশাসক দুই শিফটের বিদ্যালয়ে তিনজন ও এক শিফটে কমপক্ষে ছয়জন শিক্ষককে নিয়োগ ও লালমনিরহাট জেলা প্রশাসক জাতীয়করণ করা সরকারি বিদ্যালয়ে শূন্যপদে শিক্ষক নিয়োগের সুপারিশ করেন।
জানা গেছে, তিন দিনব্যাপী চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি। এরই মধ্যে সম্মেলনের তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত নথি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৭/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
