শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬৫৩টি স্কুল ও কলেজকে এমপিওভুক্ত করার অনুমোদন দিয়েছেন তিনি। অনুমোদন পাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শিক্ষামন্ত্রী দেশে ফিরলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) জাভেদ আহমেদ জানান, সোমবার এমপিওভুক্তির তালিকা অনুমোদনের পর বুধবার সকালে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রী ও সচিব আসার পর এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভারত গেছেন। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন গুরুত্বপূর্ণ কাজে দেশের বাইরে অবস্থান করছেন। মন্ত্রী ও সচিব দেশে ফেরার পর এমপিওভুক্তির তালিকা প্রকাশ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
জানা গেছে, স্কুল-কলেজের এমপিওভুক্তির একটি তালিকা গত ৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। স্কুল-কলেজের এমপিওভুক্তির একটি তালিকা গত ৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সারসংক্ষেপের সঙ্গে ২০১৮ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালাও পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
এরপর গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানতে চাওয়া হয়, কোন মানদণ্ডে এই তালিকা তৈরি করা হয়েছে। একইসঙ্গে ২০১৮ সালের নীতিমালার কয়েকটি জায়গায় মুদ্রণজনিত ভুল সংশোধন করারও নির্দেশ দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয়ের চিঠিতে। পরে সে অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মানদণ্ডের ব্যাখ্যা পাঠানো হয়। চূড়ান্ত অনুমোদন পায় এক হাজার ৬৫৩টি স্কুল ও কলেজ।
এদিকে, এমপিওভুক্তির জন্য ১ হাজারের মতো মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেরও তালিকা তৈরি করা হয়েছে।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, প্রায় আড়াই হাজার স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।
সারাদেশে এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি পর্যায়ের কলেজ। এছাড়া রয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় নয় বছর বন্ধ থাকার পর আবার এমপিওভুক্ত হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। গত ১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এমপিওভুক্তির কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় বাজেটের এই অংশটি পড়েন প্রধানমন্ত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
