এইমাত্র পাওয়া

আপিল শুনানিতে আটকে যেতে পারে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদন!

শিক্ষাবার্তা ডেস্কঃ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গতকাল বিকেল ৩টায় এনটিআরসিএর পক্ষ থেকে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জাামান আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায়ের বিরুদ্ধে এনটিআরসিএর পক্ষ থেকে আপিল করা হয়েছে। তবে আপিলের শুনানি না হওয়ায় আদালতের দেওয়া আগের রায় এখনো বহাল রয়েছে।

তিনি বলেন, শুনানি কবে হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শুনানি না হওয়া পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এছাড়া শুনানিতে আদালত কী রায় দেবেন সেটিও এই মুহূর্তে বলা যাচ্ছে না।

এর আগে গত রোববার (৮ জানুয়ারি) চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষে করা রিটের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো. বশিরুল্লাহ’র বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।

আদালতে রিটকারীদের পক্ষে ওই দিন শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জুমান আসাদ ও অ্যাডভোকেট জাফর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরজ রাসূল ও অ্যাডভোকেট পায়েল।

রুলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, এনটিআরসিএ সচিব ছাড়াও বেশ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.