ভারত ২০২৩ বিশ্বকাপের একক আয়োজক। এখন পর্যন্ত সব ম্যাচ ভারতে হওয়ার কথা শোনা গেলেও আশার খবর, কিছু ম্যাচ বাংলাদেশেও হওয়ার সম্ভাবনা আছে। বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজনের আশা করছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও।
মঙ্গলবার বিসিবি প্রধান ক্রীড়া সাংবাদিকদের বলেন, ‘চেষ্টা করছি সহ-আয়োজক হতে। যদি আমাদের পূর্বাচলের নতুন স্টেডিয়ামটি সম্পন্ন করতে পারি তাহলে বিষয়টি বলতে আমাদের সহজ হবে। কারণ কিছু ম্যাচ এখানে করার কথা বলতে পারব আইসিসিকে।’
তিনি যোগ করেন, ‘আগামী বিশ্বকাপের কয়েকটি ম্যাচ বাংলাদেশে করতে অনুরোধ জানাবো। সফল হবোয়ার সম্ভাবনা আছে, একেবারে যে নেই, তা নয়। তবে বিষয়টি নিয়ে ভারতের কারও সঙ্গে কথা হয়নি এখনো। আমরা চেষ্টা করছি।’
নকআউট পর্বের ম্যাচ যদি নাও পাওয়া যায়, অন্তত লিগ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো যেন নিজেদের মাঠে আয়োজন করতে পারে সেই চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, উপমহাদেশে হওয়া ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের কোনোটিই এখন পর্যন্ত এককভাবে আয়োজিত হয়নি।
১৯৮৭ বিশ্বকাপ পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারত, ১৯৯৬ বিশ্বকাপ ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কা এই তিন দেশ মিলেই আয়োজিত হয়। আর ২০১১ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশেও হয়েছে বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ।
তবে ২০২৩ বিশ্বকাপ ভারত এককভাবেই আয়োজন করবে বলে এবারের আইসিসির সূচিতে লেখা হয়েছে।
কিন্তু উপমহাদেশে আয়োজিত কোনো দেশ এখন পর্যন্ত এককভাবে বিশ্বকাপ আয়োজন না করায় সে সুযোগটা নিতে চাইছে বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
