অনলাইন ডেস্ক।।
চাকরির মেয়াদ ৩ বছর পূর্তি, নির্ধারিত প্রশিক্ষণ সমাপ্তকরণ ও চাকরি স্থায়ীকরণের পর যথাসম্ভব জ্যেষ্ঠতা অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের সহকারী কমিশনারদের মধ্য থেকে সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হবে।
সহকারী কমিশনারের (ভূমি) কর্মকাল সাধারণত ২ বছর হবে। সহকারী কমিশনার (ভূমি) পদে কোনো কর্মস্থলে এক বছর পার হওয়ার পর অন্য কর্মস্থলে বদলি করা যাবে।
সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথম পদায়ন জেলা সদর ও মহানগর অধিভুক্ত এলাকার বাইরে এই নীতিমালায় উল্লিখিত ‘খ’ ও ‘গ’ শ্রেণির উপজেলায় হবে। সহকারী কমিশনার (ভূমি) পদে এক বছর দায়িত্ব পালনের পর কর্মচারীদের দক্ষতা, সততা, জনসেবা প্রদানের মানসিকতা ইত্যাদি যাচাই করে ‘ক’ শ্রেণির উপজেলায় বা রাজস্ব সার্কেলে পদায়ন করা যাবে।
সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহারের পর সহকারী কমিশনার বা সিনিয়র সহকারী কমিশনার পদে বিভাগীয় কমিশনারের কার্যালয় বা জেলা প্রশাসকের কার্যালয়ে পরবর্তী পদায়নের জন্য কর্মচারীদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা যাবে। নিজ জেলা বা স্বামী/স্ত্রীর জেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা যাবে না।
এছাড়া নীতিমালায় সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়নের শর্তের কথা বলা হয়েছে।
একই সঙ্গে ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার/রেভিনিউ ডেপুটি কালেক্টর/জেনারেল সার্টিফিকেট অফিসার/নেজারত ডেপুটি কালেক্টর/চার্জ অফিসার পদে পদায়ন এবং জেলা পরিষদের সচিব/ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার/পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা/সমপর্যায়ের পদে পদায়নের শর্ত উল্লেখ করা হয়েছে নীতিমালায়।
অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকারের পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সমপর্যায়ের পদে পদায়নের নিয়মও নতুন নীতিমালায় জানানো হয়েছে।
মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরে পদায়ন
মাঠ পর্যায়ে কমপক্ষে ৫ বছরের কর্ম অভিজ্ঞতা ছাড়া প্রশাসন ক্যাডারের কর্মচারীদের মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরে পদায়ন করা যাবে না। তবে প্রশাসনিক কারণে এ সময়সীমা শিথিল করা যাবে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, প্রশাসন ক্যাডারের কর্মচারীদের মাঠ প্রশাসন থেকে মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরে পদায়নের ক্ষেত্রে যথাসম্ভব ব্যাচভিত্তিক জ্যেষ্ঠতা বিবেচনা করতে হবে। প্রশাসন ক্যাডারের সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব পদমর্যাদার কর্মচারীরা মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরে কর্মরত থাকলে তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের জন্য যথাসম্ভব মাঠ প্রশাসনে পদায়ন করতে হবে।
মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরের পদে চাকরিকাল সাধারণত ৩ বছর হবে। বিশেষ প্রশাসনিক কারণে ৩ বছরের আগে অন্য মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরে পদায়ন করা যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ সংক্রান্ত বিধি/আদেশ/নির্দেশনা অনুযায়ী প্রেষণে কর্মচারী পদায়ন করা হবে। লিয়েন সংক্রান্ত প্রণীত বিধি অনুযায়ী লিয়েনে কর্মচারী পদায়ন করা হবে। লিয়েন থেকে ফেরার পরে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মচারীকে উপযুক্ততা বিবেচনায় অগ্রাধিকারভিত্তিতে মাঠ প্রশাসনের পদে পদায়ন করা হবে।
স্বামী-স্ত্রী চাকরিজীবী হলে একই কর্মস্থলে বা নিকটবর্তী জেলা/উপজেলায় পদায়নের বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করতে হবে। কর্মচারীর নিজের বা পিতা/মাতা/স্ত্রী/স্বামী/সন্তানের দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, মাঠ প্রশাসন হইতে মাঠ প্রশাসন বা মাঠ প্রশাসন থেকে মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর বা মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর থেকে মাঠ প্রশাসনে পদায়নের ক্ষেত্রে অর্থ/পঞ্জিকা বছরের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা যাবে।
এছাড়া নীতিমালায় জেলা ও উপজেলার শ্রেণিবিন্যাস করে পদায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
