নিজস্ব প্রতিবেদক।।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সপ্তাহে শিক্ষা ও গবেষণা খাতে কত ঘণ্টা কাজ করবেন, তা নির্ধারণ করে প্রণয়ন করা ‘টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা-২০২২’ অনুমোদন দিয়েছে ইউজিসির পূর্ণ কমিশন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণ কমিশন সভায় এই নীতিমালা অনুমোদন দেয়া হয়। নীতিমালায় বলা হয়েছে, একজন শিক্ষক সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করবেন।
এদিকে ইউজিসির প্রণয়ন করা খসড়া নীতিমালাটিই প্রায় হুবহু অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইউজিসির এক সদস্য।
আর এর মূল উদ্দেশ্য হলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কতসংখ্যক শিক্ষক প্রয়োজন, সেটি নির্ধারণ করা। এই নীতিমালা অনুযায়ী সপ্তাহে একজন শিক্ষকের মোট কর্মঘণ্টা হবে ৪০। শিক্ষার্থীদের ক্লাস নেয়া, গবেষণাগার (ল্যাবরেটরি) পরিচালনা, থিসিস সুপারভিশন ইত্যাদি কাজে গড়ে ১৩ ঘণ্টা ব্যয় করতে হবে একজন শিক্ষককে। বাকি সময় প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন, গবেষণা, বই বা প্রবন্ধ লেখা ও বিভাগের প্রশাসনিক কাজে ব্যয় করতে হবে।
টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা সম্পর্কে সভার সভাপতি ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, এ নীতিমালা প্রণয়নের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কতসংখ্যক শিক্ষক প্রয়োজন হবে, তা নির্ধারণ করা সহজ হবে। এ ছাড়া এই নীতিমালা বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিভাগের জন্য জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের প্রথিতযশা শিক্ষাবিদরা এই নীতিমালা প্রণয়নে ইউজিসিকে সহযোগিতা করেছেন। এ নীতিমালা বাস্তবায়নের জন্য এটি শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
