রাজাবাড়ী কলেজের অধ্যক্ষকে প্রহারের ঘটনায় জাবির তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।।

রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো: আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: মশিউর রহমান তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে যত দ্রুত সম্ভব সরেজমিনে গিয়ে ঘটনা সবিস্তার জেনে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনাও দেন তিনি।

ভিসি বলেন, ‘অধ্যক্ষ মারধরের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে রাজশাহীর নিউমার্কেট-সংলগ্ন রাজশাহী-১ আসনের এমপি ফারুক চৌধুরীর মালিকানাধীন ওমর থিম প্লাজার চেম্বারে লোকজনের সামনে অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.