স্পোর্টস ডেস্ক।।
ক্রিকেট দুনিয়ায় ঐতিহাসিক এক দৃষ্টান্ত স্থাপন করলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে চুক্তিবদ্ধ পুরুষ, নারী ক্রিকেটারদের বেতনে সমতা এনেছে দেশটি। এখন থেকে কেন উইলিয়ামসনদের মতোই সোফি ডিভাইনরা ম্যাচ ফি পাবেন। সব স্তরের ক্রিকেটেই পুরুষ ও নারী ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দেওয়া হবে।
নিউজিল্যান্ডের নারী ক্রিকেটারদের জন্য অনন্য এক দিন। এনজেডসি, ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের মধ্যে এ বিষয়ে পাঁচ বছরের চুক্তি হয়েছে। ক্রিকেট বিশ্বে প্রথম বার পুরুষ ও নারী ক্রিকেটারদের একই চুক্তির অধীনে আনা হলো।
এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা আমাদের খেলাধুলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। এর মধ্য দিয়ে এনজেডসি, গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন ও খেলোয়াড়দের আর আলাদা করা যাবে না। ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ভিত এর মাধ্যমে তৈরি হলো।’
আগামী ১ আগস্ট থেকে নতুন চুক্তি কার্যকর হবে। নতুন চুক্তি অনুযায়ী প্রতি টেস্টে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২৫০ নিউজিল্যান্ড ডলার। এছাড়া ওয়ানডেতে ৪ হাজার ডলার, টি-২০ তে ২ হাজার ৫০০ ডলার, প্লাঙ্কেট শিল্ডে ১ হাজার ৭৫০ ডলার, ঘরোয়া ওয়ানডেতে ৮০০ ডলার, ঘরোয়া টি-২০ তে ৫৭৫ ডলার ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা। চুক্তি বাস্তবায়নের মাধ্যমে নিউজিল্যান্ডের শীর্ষ পর্যায়ের নারী ক্রিকেটাররা এক বছরে ১ লাখ ৬৩ হাজার ২৪৬ নিউজিল্যান্ড ডলার আয় করতে পারবেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪ লাখ ৯১ হাজার টাকা। চুক্তিভুক্ত নারী ক্রিকেটারের সংখ্যা ৫৪ থেকে বাড়িয়ে ৭২ জন করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
