নিজস্ব প্রতিবেদক।।
মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টা ৩৩ মিনিটে বিদ্যালয় ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে বলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ রায় জানিয়েছেন।
দিলীপ রায় মুঠোফোনে ইত্তেফাককে জানান, হরিরামপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয় আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে বিদ্যালয়টিতে। গত দেড় বছর আগে থেকে বিদ্যালয়টির তিন ও চারতলার কাজ বন্ধ রয়েছে। যদিও ভবনটির চারতলা পর্যন্ত ছাদ দেওয়া ছিল। স্কুলের কাছাকাছি হাতিঘাটা এলাকায় পদ্মা ভাঙনে গত এক সপ্তাহে পূর্ব পাড়ার আশ্রয় প্রকল্পের ১০টি ঘরসহ পাঁচটি বাড়িও পদ্মায় বিলীন হয়ে গেছেআজিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আপাতত হাতিঘাটা এলাকায় স্কুলের ক্লাস হবে। তবে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল তোলা হবে। কয়েকদিন আগে হাতিঘাটা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভেঙে গেছে। চরাঞ্চলের মানুষেরা পদ্মা ভাঙনে দিশেহারা হয়ে পরেছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্কুল ভবনটি দুপুরে পদ্মায় বিলীন হয়ে গেছে।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ‘ভাঙন এলাকায় দু’দিন আগে আমাদের প্রতিনিধি পরিদর্শন করেছেন । স্কুলটি ভাঙন ঝুঁকিতে থাকায় আমরা দেড় বছর আগেই স্কুল ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। স্কুল ভবনের নির্মাণ কাজ বন্ধও ছিল।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
