নিজস্ব প্রতিবেদক।।
করোনা সংক্রমণ দীর্ঘসময় ধরে নিম্নমুখী থাকলেও হুট করে দেশে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এ পরিস্থিতিতে মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মানাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগের প্রধান, অধীন দপ্তর ও সংস্থাপ্রধানদের চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. এনামুল হকের সই করা এ চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগের প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানদের তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশে করোনা শুরুর পর থেকে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ১৩৩ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
