এইমাত্র পাওয়া

দেশের প্রথম নারী অর্থসচিব হলেন ফাতিমা ইয়াসমিন

নিজস্ব প্রকিবেদক।।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থসচিবের দায়িত্ব পেলেন ফাতিমা ইয়াসমিন।

ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। কয়েকদিন আগে অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামী ১১ জুলাই থেকে অর্থসচিব হিসেবে তার নিয়োগ কার্যকর হবে। ফাতিমা ইয়াসমিন বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।

অন্যদিকে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান।

ফাতিমা ইয়াসমিন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে উন্নয়ন অর্থনীতিতেও স্নাতকোত্তর করেছেন তিনি।

এ ছাড়া ফাতিমা ইয়াসমিন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হুবার্ট এইচ. হামফ্রে পাবলিক পলিসি ফেলো ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লিডিং সাকসেসফুল প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন তিনি।

২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রথম নারী সচিব হিসাবে যোগ দেন ফাতিমা। এই দায়িত্ব আসার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের মহাপরিচালক ছিলেন। এর আগে ইআরডিতে থাকা অবস্থায় বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এডিবি ও আইডিবির সঙ্গে কাজ করেছেন ফাতিমা।

ইআরডির নতুন সচিব শরিফা খানও বিসিএসের ১৯৯১ ব্যাচের কর্মকর্তা। তিনি কৃষি মন্ত্রণালয়, বিপিএটিসি, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা, বিশ্ব বাণিজ্য সংস্থা সেল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

শরিফা ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি থেকে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.