এইমাত্র পাওয়া

‘আই লাভ ইউ’ নিয়ে ফিরছেন জেমস

নিজস্ব প্রতিবেদক।।

কিংবদন্তি শিল্পী জেমস দীর্ঘ ১২ বছর ধরে নতুন কোনো গান করেননি। সিনেমায় প্লেব্যাক করেছিলেন বটে। তবে ভক্তদের কাছে জেমস মানে তো সেই চিরচেনা অডিও-মৌলিক গান। অবশেষে এই অপেক্ষার অবসানও হচ্ছে।

আসছে ঈদেই প্রকাশ হচ্ছে জেমসের নতুন গান। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই গানের ঘোষণা দেওয়া হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার জানানো হলো গানের শিরোনাম। এর নাম ‘আই লাভ ইউ’।

এদিন সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে গানটি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থাপক আবেগ রহমান গানের নাম ঘোষণা করেন। নতুন এই গান গাওয়ার পাশাপাশি লিখেছেন ও সুর করেছেন জেমস নিজেই।

গানটি নিয়ে জেমস বললেন, ‘বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাঁই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।’

জানা গেছে, ‘আই লাভ ইউ’ গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে জেমস নিজেই পারফর্ম করেছেন। মিউজিক ভিডিওসহ গানটি চাঁদরাতে বসুন্ধরা ডিজিটাল নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

জেমস জানিয়েছেন, এটি কেবল সূচনা। সামনে আরও কয়েকটি গান প্রকাশ হবে। এরপর সবগুলো মিলিয়ে অ্যালবাম আকারেও প্রকাশ করা হবে। তাই জেমস ভক্তদের এবারের ঈদ কয়েকগুণ বেশি আনন্দময় হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.