রামগতিতে ৩ ভুয়া সাংবাদিকসহ আটক ৪

লক্ষ্মীপুরের রামগতিতে তিন ভুয়া সাংবাদিকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় মৃত দুলাল বেপারীর ছেলে হৃদয় হোসেন (২৩), নওগাঁ জেলার আত্রাই উপজেলার আব্দুল খালেক সরদারের ছেলে মাসুদ রানা (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদল মিয়ার ছেলে ইব্রাহিম (২৩) এবং তাদের গাড়ি চালক নোয়াখালী জেলার সুদারাম থানার রিয়াজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, আটককৃতরা গত দুইদিন থেকে রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি অফিসের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট থেকে প্রতারণা করে অবৈধ সুযোগ-সুবিধা আদায় করে। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলনকে জানান। তিনি এব্যাপারে বিজয় টিভির প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে অফিস থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেন। থানা পুলিশকে জানালে তাদের আটক করা হয়। পরে বিজয় টিভির জেলা প্রতিনিধি বাদি হয়ে ওই চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন জানান, তিন ভূয়া সাংবাদিকসহ চার জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিজয় টিভির স্টিকার সম্বলিত একটি মাইক্রোবাস, একটি ভিডিও ক্যামেরা, বিজয় টিভি এবং বাংলা টিভির দুটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.