নিজস্ব প্রতিবেদক।।
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এপ্রিলে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনে। ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব বিষয়ে হবে এবং পূর্ণ নম্বরে হবে এ পরীক্ষা।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি সমমান পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৩ সালে ফেব্রুয়ারি পর্যন্ত এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৩ সালের মার্চ পর্যন্ত চলবে। উভয় পরীক্ষার সব বিষয় পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।’
দীপু মনি বলেন, ‘ করোনার কারনে শিক্ষার্থীরা ২০২১ সালের ১২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ১৪ মার্চ পর্যন্ত সপ্তাহে দুদিন করে বিদ্যালয়ে সরাসরি ক্লাশ করার সুযোগ পেয়েছে। ২০২২ সালের ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওমিক্রনের সংক্রমণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকে। ২০২২ সালের ১৫ মার্চ থেকে তারা সরাসরি শ্রেণি কার্যক্রমে সপ্তাহে ৬ দিন করে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে।’
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সর্বমোট ১৬২ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পাবে। স্বাভাবিক অবস্থায় তারা ৩১৬ কর্মদিবস ক্লাস করার কথা।
তিনি বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময় তারা টেলিভিশনের ক্লাসে এবং অনলাইন ক্লাসে অংশ নিয়েছে, অ্যাসাইনমেন্ট করেছে। এসব ক্লাস এবং অ্যাসাইনমেন্টগুলো ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৫০ কর্মদিবসের পরিমার্জিত পাঠ্যসূচি অনুসারেই পরিচালিত হয়েছে। এই সমস্ত দিক বিবেচনায় ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরিমার্জিত পাঠ্যসূচি অনুসারেই অনুষ্ঠিত হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২১ সালের ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস করার কথা ছিল। কিন্তু তারা ক্লাস শুরু করতে পেরেছে ২০২২ সালের ২ মার্চ থেকে। আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকলে তারা সর্বমোট ২০০ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে। স্বাভাবিক অবস্থায় ৩৩০ কর্মদিবস শ্রেণি কার্যক্রম হতো। ২০২৩ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের পাঠ্যসূচি অনুসারে অনুষ্ঠিত হবে।’
সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর এসএসসি পরীক্ষা নেয়া হয় প্রায় ৯ মাস পর নভেম্বরের মাঝামাঝি আর এইচএসসি পরীক্ষা হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। টানা দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দেয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও। এরপর ওমিক্রনের দাপটে গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
