নিজস্ব প্রতিবেদক।।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি ও নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বন্ধসহ চার দফা দাবিতে সমাবেশ করেছে ‘সর্বদলীয় চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদ’ নামে চাকরিপ্রত্যাশীদের একটি সংগঠন।
রোববার (২৭ফেব্রুয়ারি) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সংগঠনটি। এরপর দুপুর একটায় মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় তারা ‘৩০ এর গণ্ডি ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘প্রশ্নফাঁসের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’, প্রশ্নফাঁসের আগ্রাসন মানি না মানবো না’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ প্রভৃতি স্লোগান দিতে থাকে।
সমাবেশে সর্বদলীয় চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদের মুখপাত্র ইমতিয়াজ আহমেদ বলেন, ২০১৮সালে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ওয়াদা করেছিল সামঞ্জস্য করে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে দেবে। কিন্তু তিন বছর অতিক্রম হওয়ার পরও তারা কথা রাখেনি, তাই আমরা রাজপথে নেমেছি।
ইমতিয়াজ আরও বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা না রেখে মেধা, যোগ্যতার ভিত্তিতে অবারিত করে দেয়া উচিত।
এসময় উপস্থিত ছিলেন চাকরি প্রত্যাশী যুব প্রজন্মে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক মানিক রিপন,আবদুল্লা আল মামুন,তাসলিমা লিমা,ওমর ফারুক,নিতাইচন্দ্র সরকার,সাকিন আনোয়ার,সুমনা রহমান ও কার্যকরী সদস্য মিলন, মোশারফ,হিমা খান,মিজান,আজিমুল,খায়রুল, বিভাগীয় সমন্বয়ক হৃদয়,রাসেল,সাকিব , আলী,কাওসারসহ চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের কেন্দ্রীয়,বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা।
সামবেশ থেকে চারদফা দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে সকল চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি। নিয়োগ জালিয়াতি ও প্রশ্নফাঁস বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষা (প্রিলি ও রিটেন) মার্কসহ ফলাফল প্রকাশ করতে হবে। চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ১০০টাকা করতে হবে। একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
