নিজস্ব প্রতিবেদক।।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার।
বুধবার (১৫ এপ্রিল) মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘বৃত্তির অর্থের পরিমাণ এবং কত সংখ্যক শিক্ষার্থী এ সুবিধা পাবে—এসব বিষয়ে নতুন করে পর্যালোচনা করা হবে।’
এর আগে, তিনি মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেন।
তিনি জানান, পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সরকারের লক্ষ্য বৃত্তিসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো।
পরিদর্শনের উদ্দেশ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা সন্তোষজনক।’
জেলা ও উপজেলা পর্যায় থেকেও ইতিবাচক প্রতিবেদন পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হবে এবং অভিভাবকদের উৎসাহিত করতে অতিরিক্ত উদ্যোগ নেওয়া হবে।’
নীতিমালার সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে তিনি আরও বলেন, ‘সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করা হতে পারে, যাতে বৃত্তির সুযোগ আরও বিস্তৃত হয় এবং আগ্রহ বাড়ে।’
শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্য তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ‘সরকার শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করতে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।’
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা /এ/ ১৫/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
