অনলাইন ডেস্ক।।
চলতি মাসেই দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূর্ণ দুই ডোজ করোনা প্রতিরোধী টিকা নেওয়া থাকলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠ নিতে পারবেন, অন্যরা অনলাইন কিংবা টেলিভিশনের মাধ্যমেই ক্লাস করবেন। তবে প্রাথমিক বিদ্যালয় এখনই খুলছে না বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে আরও পরে, ১০ বা ১৪ দিন দেখা হবে। তারপর পরিস্থিতি বুঝে খুলে দেওয়া হবে।’
প্রাথমিক বিদ্যালয় খুলতে আরও সময় লাগবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে আরও পরে। ১০ দিন বা ১৪ দিন দেখা হবে। তারপর পরিস্থিতি বুঝে খুলে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘নির্ধারিত তারিখ বলতে না পারলেও, আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভায় করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নেবো। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।’
এদিকে প্রাথমিক টিকাদান সাপেক্ষেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দেয় কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে এবং সকল শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে। ১২ বছরের ওপরে যাদের বয়স তাদের ক্লাস শুরুর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর কম বয়সী অর্থাৎ প্রাথমিকে পর্যায়ের শিক্ষার্থীদের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি’।
তিনি আরও বলেন, ‘আমরা (কমিটি) বৈঠকে বলেছি, স্বাস্থ্যবিধি মেনে এবং টিকাদান সাপেক্ষে খুলে দেওয়া যায়। তবে কত তারিখে খুলবে এটা তাদের (শিক্ষা মন্ত্রণালয়) ব্যাপার।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
