নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য মো. ফরহাদুল ইসলাম এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।
ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ফরহাদুল নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতার পাশাপাশি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।
বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনও বাড়ি ভাড়া নিতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে।
তিনি স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিল চাঁদা দেবেন। আর বোর্ড কর্তৃপক্ষ তার লিভ স্যালারি ও পেনশন চাঁদা দেবে।
প্রসঙ্গত এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা অবসরোত্তর ছুটিতে যান গত বছরের ৩০ ডিসেম্বর। এরপর থেকে বোর্ডের সদস্য মশিউজ্জামান চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
