এইমাত্র পাওয়া

২০২৫ সালে শিক্ষায় নতুন কারিকুলাম বাস্তবায়ন হবে কি?

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষায় নতুন কারিকুলাম বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে (২০২৩ সাল) শুরু হয়ে কয়েকটি ধাপে নতুন এই কারিকুলাম বাস্তবায়নের টার্গেট নির্ধারণ করা হলেও শুরুতেই তা হোঁচট খেয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে ১০০ এবং মাধ্যমিকে ১০০ বিদ্যালয় নির্ধারণ করে সেখানে নতুন কারিকুলামের পাইলট কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সেখানে কাটছাঁট করা হয়েছে। পরিকল্পনায় পরিবর্তন এনে ১০০ বিদ্যালয়ের পরিবর্তে ৬০টি বিদ্যালয়ে (পরবর্তীতে দুটি করে বিদ্যালয় যুক্ত করা হয়) এই পাইলটিং বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

কিন্তু সেখানেও এ পর্যন্ত কোনো কাজই শুরু করা যায়নি। যদিও করোনা এবং ছুটি সংক্রান্ত কারণ দেখিয়ে স্কুল খোলা সাপেক্ষে পাইলটিং-এর কাজ শুরু করার কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সাল থেকে শিক্ষায় নতুন কারিকুলাম বাস্তবায়নের উদ্যোগ নেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কয়েকটি ধাপে ২০২৫ সাল থেকে পরিপূর্ণভাবে পুরনো কারিকুলাম বাদ দিয়ে সম্পূর্ণ নতুন কারিকুলামে শিক্ষা কাঠামো সাজানোর প্রক্রিয়াও শুরু করে এনসিটিবি।

চলতি শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাছাই করা ১০০ বিদ্যালয়ে নতুন কারিকুলামের আলোকে পাঠদান কার্যক্রম চালুর ঘোষণা দেয়া হয়। কিন্তু নতুন শিক্ষাবর্ষ চালু হওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করে প্রাথমিক ও মাধ্যমিকের ৬০টি করে মোট ১২০ বিদ্যালয়ে নতুন কারিকুলামের পাইলটিং শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। পরে অবশ্য আবেদন করে আরো দুটি করে মোট ৪টি বিদ্যালয় এই পাইলটিংয়ের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ মোট ১২৪ বিদ্যালয় এই পাইলটিং প্রকল্পে অন্তর্ভুক্ত হয়। কিন্তু করোনার কারণে নতুন এই কারিকুলাম বাস্তবায়নের কাজই পুরোপুরি বন্ধ।

অর্থাৎ চলতি বছরে যদি সফলভাবে এই প্রকল্প শুরু করা না হয় তাহলে ২০২৫ সালে নতুন কারিকুলামে শিক্ষাকার্যক্রম চালু কোনোভাবেই সম্ভব হবে না। ফলে পুরোপুরিই অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে নতুন কারিকুলাম বাস্তবায়ন। অন্যদিকে নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রধান ভূমিকা রাখবেন শ্রেণী শিক্ষকরা। এ জন্য তাদের প্রশিক্ষণের বিষয়েই প্রথমে জোর দিতে হবে। কিন্তু যে হারে শিক্ষক প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাতে সব শিক্ষককে ২০২৫ সালের মধ্যে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছেন শিক্ষাবিদরা। যদিও শিক্ষাপ্রতিষ্ঠান খুললে নতুন কারিকুলামে পাইলটিং (পরীক্ষামূলক) ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

গতকাল শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা জানান। তিনি জানান, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্তরের ৬২টি স্কুলে নতুন কারিকুলামে পাইলটিং ক্লাস শুরু হবে। এভাবে চলতি বছর পাইলটিং সফল হলে এর ফলাফল নিয়ে আগামী শিক্ষাবর্ষে (২০২৪ সাল) আরো নতুন নতুন বিদ্যালয় এই পাইলটিং প্রকল্পে যুক্ত করা হবে। এভাবে আমাদের পরিকল্পনা ফলপ্রসূ হলে ২০২৫ সালে পুরোপুরি নতুন কারিকুলামে চলে যেতে পারবো বলে আশা করছি। অন্যদিকে নতুন কারিকুলাম ও এর প্রয়োগ বা উপযোগিতা নিয়ে সারা দেশের শিক্ষকদের মধ্যে ৫০ থেকে ৬০ ভাগ শিক্ষক এখনো অবহিত নন বলে জানিয়েছেন শিক্ষাবিদরা।

এনসিটিবির এ সংক্রান্ত এক কর্মশালায় এমন মতামত উঠে আসে। একই সাথে যে গতিতে দেশের শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে সেখানে আশানুরূপ ফল আসছে না। এছাড়া বিশাল সংখ্যক শিক্ষকদের মাত্র এক বা দুই বছরের ব্যবধানে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসাটাও সম্ভব নয় বলে মনে করছেন অনেক শিক্ষক। নতুন কারিকুলাম আর শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান (চলতি দায়িত্ব) অধ্যাপক মশিউজ্জামান বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের যে স্কুলে নতুন কারিকুলাম বাস্তবায়ন হবেÑ এ ধরনের ১১৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ইতোমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া পরিকল্পনা অনুযায়ী এনসিটিবির আওতায় সব শিক্ষককেই প্রশিক্ষণ দেয়া হবে। এ জন্য কিছু শিক্ষককে তৈরি করা হবে মাস্টার ট্রেইনার হিসেবে। তারা অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন।

অধ্যাপক মশিউজ্জামান আরো বলেন, ২০২৩ সালের মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ শেষ না হলে ২০২৫ সালের নতুন কারিকুলাম বাস্তবায়নে এনসিটিবি কার্যক্রম এগিয়ে নেবে না। প্রয়োজনে শিক্ষক প্রশিক্ষণ শেষ করে তবেই বাকি পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোনো হবে। উল্লেখ্য, দুই বছর আগেই ঘোষণা দেয়া হয়েছিল নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে অন্ততপক্ষে ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং হবে। কিন্তু এনসিটিবির কাজে তালগোল পাকানোর জন্য তা সম্ভব হয়নি। এছাড়া পাইলটিংয়ের জন্য বই প্রস্তুত না করায় নির্ধারিত সময়েও কাজ শুরু করা সম্ভব হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা মোতাবেক ২০২৩ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণীর নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.