উপাচার্যের পদত্যাগ দাবিতে শাবিতে ফের বিক্ষোভ

নিউজ ডেস্ক।।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন ভাঙার দুই সপ্তাহ পার হলেও মানা হয়নি শিক্ষার্থীদের দাবি। পদত্যাগ করেননি উপাচার্য এবং প্রত্যাহার করা হয়নি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলাও।

এর ফলে আবারও সরব হয়ে উঠেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেলে উপাচার্যের পদত্যাগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন।

আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, সরকার থেকে আমাদের মামলা উঠানো এবং দাবি মানার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় ১৫ দিন হয়ে গেলেও আমাদের মামলা প্রত্যাহার করা হয়নি এবং আমাদের চিকিৎসা এবং খাবারের জন্য সাহায্য করায় আমাদের সিনিয়র ভাইদের বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু এখনো মামলা প্রত্যাহার হয়নি এবং অ্যাকাউন্টগুলোও খুলে দেওয়া হয়নি। মামলা প্রত্যাহার ও বিকাশ অ্যাকাউন্ট খুলে দেওয়াসহ উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা বিক্ষোভ করছি। এর আগে গত ১৬ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে ১৯ জানুয়ারি থেকে এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ২৪ জন শিক্ষার্থী। পরবর্তী সময়ে এই সংখ্যা ২৮ হয়।

২৬ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক ও দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান। এরপর থেকে অহিংস আন্দোলনের ঘোষণা দিয়ে অবরোধ ও অনশন কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে চালিয়ে আসছিলেন তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.