আজ তাপমাত্রা বাড়বে হালকা বৃষ্টিও হবে কোথাও কোথাও

নিউজ ডেস্ক।।

আজ তাপমাত্রা বাড়তে পারে এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। ফলে আজ দেশের কোথাও থাকবে না শৈত্যপ্রবাহ। উপমহাদেশের উচ্চচাপ বলয়ের যে বর্ধিতাংশের কারণে শীতটা তীব্রতর হয়েছে সেটি গতকাল ভারতের কোথাও ছিল না। তবে আবারো দেখা দিয়েছে পশ্চিমা লঘুচাপ।

এর একটি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে আজ কোথাও কোথাও হালকা ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি থেমে গেলেই আবারো দেশে রাতে তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আজ দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। চলতি বছরের মাঘ মাসটি যাচ্ছে খুবই ব্যতিক্রমী বৈশিষ্ট্যের মাধ্যমে। মাঘ মাসে সামান্য বৃষ্টিপাত হয়ে থাকে; কিন্তু ভারী বৃষ্টির নজির নিকট অতীতে খুব বেশি নেই।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে জলবায়ু বিশেষজ্ঞরা চলতি বছরের শীত শুরুর আগেই পূর্বাভাস দিয়েছিলেন যে, এই শীতে মাঝে মাঝে হঠাৎ করে ব্যাপক শীত পড়তে পারে। সেটিই ঘটেছে এই শীতে। এর আগে শৈত্যপ্রবাহ থাকলেও তা খুব বেশি দীর্ঘায়িত হতো না। এক থেকে দুই দিনের মধ্যে কেটে যেত শৈত্যপ্রবাহ; কিন্তু চলতি মাঘে শৈত্যপ্রবাহ আগের চেয়ে বেশি দীর্ঘায়িত হচ্ছে।

যদিও নিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি; কিন্তু তা ছিল দীর্ঘায়িত ও অস্বস্তিকর। আবহাওয়া অফিস গতকাল বুধবার জানিয়েছে, আজ দিন ও রাতের তাপমাত্রা বাড়লেও আগামী ৪৮ ঘণ্টা পরই রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। আজ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। গতকাল তেঁতুলিয়া ও রাজারহাট ছাড়া দেশের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

আজ এই দুই স্থানের তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ও ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.