এইমাত্র পাওয়া

সার্চ কমিটিতে আমন্ত্রণ পেতে পারেন যারা

অনলাইন ডেস্ক।।

পরবর্তী নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগে নাম প্রস্তাবের জন্য দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুশীল সমাজের সদস্য, নির্বাচন বিশেষজ্ঞ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি অংশকে আমন্ত্রণ জানাবে।

এদের মধ্যে  যেসব আমন্ত্রিতদের নামের বিষয়ে নিশ্চিত হতে পেরেছে তারা হলেন– সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও ইউসুফ হোসেন হুমায়ুন, বিশিষ্ট আইনজ্ঞ শাহদীন মালিক, আইন বিশেষজ্ঞ আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামীকাল (বুধবার ) দুপুরের মধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে চিঠি পাঠাব। আমরা আগামীকাল দুপুর নাগাদ সুশীল সমাজের সদস্য, নির্বাচন বিশেষজ্ঞ এবং জনগণের একটি অংশকে তাদের মতামতের জন্য (ইসি গঠনের বিষয়ে) চিঠি লিখব’।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা সার্চ কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সার্চ কমিটির নেতৃত্বে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী বিচারপতি ওবায়দুল হাসানসহ কমিটির অন্য সদস্যরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, একই জায়গায় ৬ সদস্যের সার্চ কমিটি শনিবার ও রোববার ৩টি বৈঠক করবে। এর মধ্যে শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা ও দুপুর পৌনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত ২টি বৈঠক অনুষ্ঠিত হবে। রোববারের বৈঠক হবে বিকেল ৪টা থেকে।

বৈঠকগুলোতে অংশ নেওয়ার জন্য প্রায় ৬০ জনকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান আনোয়ারুল ইসলাম, যার তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে।

সার্চ কমিটি বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করে নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। এরপর রাষ্ট্রপতি আইন অনুযায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সিইসি ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দেবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.