নিজস্ব প্রতিবেদক।।
নতুন ভবন থাকলেও তাতে কক্ষ মাত্র তিনটি। এর একটি ছয়জন শিক্ষক লাইব্রেরি হিসেবে ব্যবহার করছেন। বাকি দুটিতে ২৫০ জন শিক্ষার্থীর ক্লাসরুম হিসেবে ব্যবহার হচ্ছে। শ্রেণিকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। এই ভবনের পাশেই রয়েছে জরাজীর্ণ একটি ভবন। ভবনটি সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঠায় দাঁড়িয়ে আছে। দ্রুত পুরাতন ভবনটি সরিয়ে না নিলে ধসে পড়ে বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এমন চিত্র জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের সরদা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। পরিচালনা কমিটির সভাপতি জুলহাস উদ্দিন বলেন, বিদ্যালয়টি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
১৯৮৭ সালে চার কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়। পুরাতন ভবনটি জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করে। ২০০৩ সালে তিন কক্ষের নতুন বন নির্মাণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ে নানা সমস্যা রয়েছে। পানির ব্যবস্থা নেই। একটি টিউবওয়েল থাকলে তা নষ্ট হয়ে পড়ে আছে। নেই বাথরুম, প্রয়োজনীয় বেঞ্চ, টেবিল, চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় বন্যা ও বৃষ্টিতে শিক্ষার্থীসহ শিক্ষকদের স্কুলে আসা বন্ধ হয়ে যায়। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দুলাল মিয়া বলেন, ইতোপূর্বে বিদ্যালয়ে পরিচালনা কমিটি না থাকায় উন্নয়ন কাজের ৬-৭ লাখ টাকা ফেরত গেছে। বর্তমানে নতুন কমিটি হয়েছে। যে কোনো অনুদান এলে এখানে জরুরি বরাদ্দ দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
