পুলিশ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক।।

পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আলাদা একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, পুলিশ বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে সবধরনের ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২২-এর পঞ্চম ও সমাপনী অধিবেশনে অংশ নেয়া শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশকে ঢেলে সাজানো হয়েছে। আমরা পুলিশ ৮২ হাজার জনবল বাড়িয়েছি। নতুন ইউনিট হিসেবে নৌপুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, সিটিটিসি ও এটিইউসহ যখন যেটা প্রয়োজন ছিল তখন সেটর আমরা পূরণ করেছি।

তিনি আরো বলেন, যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে দক্ষতা, সক্ষমতা বৃদ্ধিতে যা যা প্রয়োজন আমরা সব কিছুই করব। এছাড়া অন্যান্য দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের পুলিশ কর্মকর্তারা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। তারা আরো সুন্দরভাবে কাজ করবেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করে জঙ্গি ও সন্ত্রাস দমনে বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনের মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

গত ২৩ জানুয়ারি পুলিশ সপ্তাহ-২০২২ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি তা উদ্বোধন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.