নিজস্ব প্রতিবেদক।।
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পদ পূরণ না হওয়ায় ১৫ হাজার ৩২৫ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ইতোমধ্যে মন্ত্রণালয়ের সবুজ সংকেতও পেয়েছে সংস্থাটি। আগামী মাসে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে মহিলা কোটায় প্রার্থী না পাওয়ায় এবং যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে যায়। এই পদগুলো পূরণ করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সূত্র আরও জানায়, যে উদ্দেশ্য নিয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি অনেকাংশেই পূরণ হবে না। কেননা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই ইনডেক্সধারী। ইনডেক্সধারীরা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গেলে পদগুলো শূন্যই রয়ে যাবে। এই অবস্থায় শিক্ষক সংকট দূর করতেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেয় এনটিআরসিএ। এতে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে শিক্ষক নিয়োগের এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
বুধবার (২৬ জানুয়ারি) এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের ১৫ হাজারের অধিক পদ ফাঁকা রয়েছে। এই পদগুলো পূরণের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা অনুমতি দেয়ায় শিগগিরই বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই পদগুলো পূরণ করা হবে।
কবে নাগাদ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ সচিব আরও বলেন, গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট কোনো সময় এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো ফেব্রুয়ারি মাসের মধ্যেই এটি প্রকাশ করতে।
বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ১ থেকে ১৬তম নিবন্ধনধারীরা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। ১৬তমরা পারবেন। কেননা তারা জাতীয় মেধাতালিকায় যুক্ত হয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
