গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু

 নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর আকাশ আজও সকাল থেকেই মেঘলা ছিল। দুপুরের পর সূর্য উঠলেও তাপ ছড়ায়নি। অন্যদিকে, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর দেশের বেশ কিছু অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ ঢাকাসহ কিছু এলাকায় বৃষ্টি বিকাল থেকে বৃষ্টি শুরু হয়। ফলে তাপমাত্রা রাতে কিছুটা কমে আসতে পারে। আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া বিরাজ কর‍তে পারে। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আজ সন্ধ্যার পর ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামীকালও এই আবহাওয়া থাকবে। ২৮, ২৯, ৩০ জানুয়ারি দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার কয়েকদিন বৃষ্টি হতে পারে।’

আজ দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ হিসেবে তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৭.৪, সিলেটে ১৫ দশমিক ৩, রাজশাহীতে ১৫ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৫, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্য এলাকায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.