নিজস্ব প্রতিবেদক।।
গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকে চোট নিয়ে ফেরেন তামিম ইকবাল। জিম্বাবুয়েতে খেলেননি টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না চোটের কারণে। নাম সরিয়ে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও। এমনকি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না।
তামিম টি-টোয়েন্টিতে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালে, প্রায় ২ বছর আগে। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না তিনি। অনুরোধ করেছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি।
তামিম প্রসঙ্গে পাপন বলেন, ‘তামিমের সঙ্গে আমি কথা বলেছি। ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে- আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।’
সঙ্গে যোগ করেন পাপন, ‘এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত নয়। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক নয়।’
এবারের বিপিএল মৌসুমের শুরুতেই ব্যাট হাতে ছন্দে থাকার বার্তা দিয়েছেন তামিম ইকবাল। বিপিএলে মাঠে নেমে নিজের প্রথম ম্যাচেই তামিম খেলেছেন ৫০ রানের ইনিংস। আজ তার ব্যাট থেকে আসে ৫২ রান। তামিমের ইনিংস দুটি মূল্যায়ন করে পাপন বলেন, ‘তামিম ভালো খেলেছে। ও তো সবসময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিত। ফিফটি হয়ে গেলেই মারমুখো হয়ে আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিত, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
