প্রধানমন্ত্রী পরিদর্শন করলেন পদ্মাসেতু

অনলাইন ডেস্ক।।

পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ছোট বোন শেখ রেহানাসহ সেতু পরিদর্শনে যান তিনি। এ সময় সেতুর সাত নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার হাঁটেন সরকার প্রধান।

 এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস। তিনি বলেন, সকালে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাসেতুতে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ ছাড়া পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের গণমাধ্যমে জানান, সকাল সাড়ে ৭টার দিকে গাড়িতে করে পদ্মা সেতুর ওপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এ সময় তাদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন।

জানা গেছে, সেতুর সাত নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার হেঁটেছেন প্রধানমন্ত্রী। সেখানে দেড় ঘণ্টার মতো অবস্থানও করেন সরকার প্রধান।

প্রসঙ্গত, ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে নিচ দিয়ে রেলপথ ও ওপর দিয়ে সড়কপথ থাকবে। সেতুর কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী বছরের ৩০ জুন সেতুটি যান চলাচলের জন্য উদ্বোধনের কথা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.