ইসি গঠনে সংলাপ শুরু আজ

নিউজ ডেস্ক।।

আজ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে।  নতুন নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে এই সংলাপকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। তবে পাঁচ বছর আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের যে যোজন যোজন দূরত্ব ছিল, এবারও ওই রকম পরিস্থিতিই আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের কথা। বিএনপি বলছে, এর আগেও সংলাপের নামে প্রহসন হয়েছে, এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, সংলাপও নয়। তবে বেশ কিছু রাজনৈতিক দল বলে আসছে নতুন আইনের কথা।

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের অনেকেই এবার নির্বাচন কমিশন গঠনে নতুন আইনের কথা বলছেন। ইসি গঠনে প্রতি পাঁচ বছর পরপর রাজনৈতিক বিরোধ এড়াতে সংবিধানের নির্দেশনা মেনে আইন প্রণয়নের পক্ষে তারা। অন্যদিকে, আগের দুই সংলাপে অংশ নিলেও এবার রাষ্ট্রপতির ডাকে অংশ নেওয়ার বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করছে বিএনপি। নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই বিরোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, এরই মধ্যে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে প্রথম দল হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বিকেল ৪টায় সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যাচ্ছে জাতীয় পার্টি। দ্বিতীয় দল হিসেবে আমন্ত্রণ পেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। স্বাস্থ্যবিধি মেনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনে প্রবেশের ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় পার্টির পক্ষ থেকে আজকের সংলাপে অংশ নিচ্ছে আট সদস্যের প্রতিনিধি দল। পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে অন্য সাতজনের মধ্যে রয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.