নতুন শিক্ষাক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু ২০২৫ সালে

নিউজ ডেস্ক।।

আসন্ন ২০২২ শিক্ষাবর্ষ থেকে পরিবর্তিত ও পরিমার্জিত শিক্ষাক্রমের পরীক্ষামূলকভাবে বা আংশিক বাস্তবায়ন শুরু হচ্ছে। প্রথম দেশের ১০০ প্রাথমিক বিদ্যালয় এবং ১০০ মাধ্যমিক বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তিনটি ধাপে বাস্তবায়ন হবে পূর্ণাঙ্গ শিক্ষাক্রম। সরকারের পরিকল্পনার আলোকে আগামী ২০২৫ সাল থেকেই নতুন এই শিক্ষাক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হবে।

এ দিকে আগামী ২০২৫ সালে নতুন শিক্ষাক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ২০২২ সাল থেকে প্রাথমিকে ১০০টি এবং মাধ্যমিকে ১০০টি প্রতিষ্ঠানে পাইলটিং শুরু হচ্ছে। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, টিচার্স গাইডও তৈরি হচ্ছে।

মন্ত্রী বলেন, ২০২৩ সাল থেকে এ কার্যক্রম সারা দেশে নিয়ে যাবো। এরপর আমরা পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু করব। ২০২৫ সালে সারা দেশে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে। অবশ্য এর আগে গত ১৩ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কার আসছে। পঞ্চম শ্রেণীর সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সনদও দেয়া হবে।

তবে প্রাথমিক ও অষ্টম শ্রেণীর সমাপনীকে পাবলিক পরীক্ষা বলছি না। এই পরীক্ষাও বর্তমানের মতো এভাবে হবে না। প্রাথমিক শেষে একটা এবং অষ্টম শ্রেণী শেষে একটা সনদ পাবেন শিক্ষার্থীরা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী ছাড়া সব শ্রেণীতে শ্রেণী সমাপনী পরীক্ষা হবে। শুধু তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা থাকবে না। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতেও সনদ দেওয়া হবে। তবে সনদ দেয়ার জন্য তো পাবলিক পরীক্ষার দরকার নেই।

উল্লেখ্য, সর্বশেষ কারিকুলাম পরিমার্জন করা হয় ২০১২ সালে। ২০১৩ সাল থেকে নতুন কারিকুলামে পরিমার্জিত পাঠ্যবই শিক্ষার্থীরা হাতে পায়। নিয়মানুযায়ী প্রতি পাঁচ বছর পরপর কারিকুলাম পরিমার্জন করা হয়। তবে সর্বশেষ কারিকুলাম পরিমার্জনের ১০ বছর পর এবার কারিকুলাম পরিমার্জন করা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.