অবসরের টাকা পেতে অপেক্ষায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষক

শরীফুল আলম সুমন।।

চাকরি থেকে অবসরের পরপরই শিক্ষকদের প্রাপ্য অবসর সুবিধার টাকা পাওয়ার কথা। অথচ তিন বছর আগে অবসর নিয়েও এখনো টাকা পাচ্ছেন না এমপিওভুক্ত শিক্ষকরা। ২০১৯ সালের জানুয়ারি থেকে অবসরের আবেদন করা ৩০ হাজার শিক্ষক এখনো তাঁদের অবসরের টাকার জন্য ঘুরছেন।

৩০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকের এই টাকা পরিশোধ করতে তিন হাজার ৩০০ কোটি টাকার প্রয়োজন। কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের হাতে প্রয়োজনীয় টাকা নেই। ফলে অবসরে যাওয়া শিক্ষকদের বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে।সম্প্রতি অবসর সুবিধা বোর্ডের পক্ষ থেকে এক হাজার কোটি টাকা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তাতে বলা হয়েছে, দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ।

এঁদের প্রতি মাসের বেতনের ৬ শতাংশ কেটে রেখে জমা করা টাকা থেকে অবসরপ্রাপ্তদের পাওনা টাকা পরিশোধ করা হয়। তবে ২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ৩০ হাজার আবেদনকারী অবসর ভাতার জন্য অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে ২০১৮ সাল পর্যন্ত জমা করা আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অবসর সুবিধা বোর্ডে প্রতি মাসে অবসরে যাওয়া প্রায় ৮০০ শিক্ষক-কর্মচারীর আবেদন জমা পড়ে। এ জন্য প্রায় ৯০ কোটি টাকার প্রয়োজন হয়।

প্রতি মাসে ৬ শতাংশ জমা করা টাকা থেকে আসে ৬৫ কোটি টাকা। ফলে প্রতি মাসে ঘাটতি প্রায় ২৫ কোটি টাকা। সেই হিসাবে প্রতিবছর জমা করা ৯ হাজার ৬০০ আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন এক হাজার ৮০ কোটি টাকা। শিক্ষকদের কাছ থেকে টাকা জমা হয় ৬৮০ কোটি টাকা। ঘাটতি থাকে ৩০০ কোটি টাকা। দীর্ঘদিন এই ঘাটতি জমা হতে হতে ৩০ হাজার শিক্ষকের আবেদনও জমে আছে।

জানা যায়, অবসর সুবিধা হিসেবে একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক গড়ে ১১ লাখ ২০ হাজার টাকা পেয়ে থাকেন। কলেজের অধ্যক্ষ সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। আর একজন কর্মচারী সর্বনিম্ন সাড়ে পাঁচ লাখ টাকা পেয়ে থাকেন।২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বোর্ডকে মোট এক হাজার ৩১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সিডমানি (স্থায়ী আমানত) হিসেবে দেওয়া হয়েছে ৫৩৫ কোটি টাকা। আর থোক বরাদ্দ দেওয়া হয়েছে ৮২২ কোটি টাকা।

সিডমানি থেকে প্রতি মাসে তিন কোটির কিছু বেশি টাকা পাওয়া যায়, যা দিয়ে শিক্ষকদের অবসর সুবিধা প্রদান করা হয়। আর থোক বরাদ্দ দিয়ে ৯ হাজার ৯৮৮ জন শিক্ষক-কর্মচারীকে তাঁদের অবসর সুবিধার টাকা দেওয়া হয়েছে।অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আগে কোনো সরকার অবসরপ্রাপ্ত শিক্ষকদের কথা ভাবেনি, বিশেষ কোনো বরাদ্দও দেয়নি। ফলে অবসরে যাওয়ার পাঁচ-ছয় বছর পরেও শিক্ষকরা তাঁদের প্রাপ্য টাকা পেতেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বেশ কয়েকবার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এর পরও প্রয়োজনীয় অর্থের সংস্থান না থাকায় একজন শিক্ষককে দুই বছর ১০ মাস অপেক্ষা করতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অপেক্ষমাণ ৩০ হাজার শিক্ষকের জন্য তিন হাজার ৩০০ কোটি টাকা প্রয়োজন। আমরা আপাতত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এককালীন এক হাজার টাকা চেয়েছি। এ ছাড়া প্রতিবছরের জাতীয় বাজেটে যাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.