নিউজ ডেস্ক।।
দীর্ঘ প্রতিক্ষার পর আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর ৯টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষা দিচ্ছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। যা গতবারের চেয়েও বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।
মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন ও ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। ২ হাজার ৬২১ টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বার্তা২৪‘কে জানান, পরীক্ষার প্রথম দিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন।
এবছর পরীক্ষায় আনা হয়েছে অনেকগুলো পরিবর্তন। সাধারণত পরীক্ষা হয়ে থাকে তিন ঘণ্টা, এবার পরীক্ষা শেষ হবে দেড় ঘণ্টায় তাও আবার সংক্ষিপ্ত সিলেবাসে। এছাড়া এপ্রিলে হওয়া এইচএসসি/সমমান পরীক্ষা এবার হচ্ছে ডিসেম্বরে।
পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে প্রশ্নের সেট কোড। কেন্দ্র সচিব ছবি তোলা যায় না এমন একটি মোবাইল সেট ব্যবহার করতে পারবেন কেন্দ্রের অভ্যন্তরে। আর কেউ পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে রয়েছে বিধিনিষেধে।
সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার কক্ষে বসতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
