ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভেঙে দিয়ে ফের নির্বাচনের দাবি জানিয়েছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট। চাঁদাবাজির অভিযোগের মুখে গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে এ দাবি জানায় জোটের নেতা ও ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে ডাকসুর জিএস রাব্বানীর প্রতি ইঙ্গিত করে মেহেদী হাসান নোবেল বলেন, দুনীর্তির অভিযোগ মাথায় নিয়ে নিজ সংগঠন থেকে অব্যাহতি পাওয়া কোনো ব্যক্তি ডাকসুর কোনো পদে আর থাকতে পারেন না। তাই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে ডাকসুর অতীত-ঐতিহ্য সমুন্নত রাখার জন্য অবিলম্বে এই ডাকসু অবৈধ ঘোষণা করে আমরা পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি ইমরান হাবিব রুমন ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির।
গত মার্চে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা ভিপি নুরুল হক নুর এবং ছাত্রলীগ প্যানেল থেকে জিএস নির্বাচিত হন গোলাম রাব্বানী।
সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ হলে পদত্যাগ করেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
