নিউজ ডেস্ক।।
আগামী ২ ডিসেম্বর এইচএসসি-সমমান পরীক্ষা শুরু হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। কেউ যাতে প্রশ্নফাঁসের গুজব ছড়াতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি রাখবে গোয়েন্দা সংস্থা।
বুধবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এইচএসসি-সমমান পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে টিকা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য আগামী ২০ নভেম্বর থেকে পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা শুরু হবে। পরীক্ষার্থীরা সেটি দেখিয়ে সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
সভায় টিকা কার্ড দেখিয়ে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করা হবে এমন প্রস্তাব করা হলেও তা বাতিল করা হয়েছে। কারণ অনেকে অসুস্থতা বা ব্যক্তিগত বিভিন্ন সমস্যা থাকলে টিকা নেয়া থেকে বিরত থাকতে পারে। সেক্ষেত্রে এমন নিয়ম করলে জটিলতা তৈরি হবে। সেই বিবেচনা করে এ প্রস্তাব বাতিল করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের টিকার আওতায় আনতে অগ্রাধিকার দেয়া হবে। এজন্য আগামী ২০ নভেম্বর থেকে প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, দেশের সকল জেলার ট্রেজারিতে ফয়েল পেপারে সিলগালা করে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার কমপক্ষে তিন দিন আগে প্রশ্নপত্র শটিং (গণনা) করা হবে। পরীক্ষা শুরুর দিন ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড নির্বাচন করে সকল জেলায় জানিয়ে দেয়া হবে।
তবে সকল কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করা হবে। তিন ফিট দূরত্ব বজায় রেখে ‘জেট’ আকারে শিক্ষার্থীদের আসন বিন্যাস করা হবে। কেন্দ্রে প্রবেশের সময় তাপমাত্রা মেপে প্রবেশ করাতে হবে। যদি কারো তাপমাত্রা বেশি হয় তবে তাকে আইসোলেশনে নিয়ে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। যদি কেউ যৌক্তিক কারণে দেরি করে তবে তার কারণ ও পরীক্ষার সংক্ষিপ্ত পরিচয় খাতায় লিখে প্রবেশ করতে হবে।
এবারের এইচএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে তিনটা, দুই শিফটে পরীক্ষা হবে।
প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা করে সময় দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
