কোচিংসেন্টার ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

নিউজ ডেস্ক।।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ও প্রশ্নফাঁস রোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশে সব কোচিংসেন্টার বন্ধ রাখার প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা সমন্বয়ক শিক্ষা বোর্ড। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা সংক্রান্ত বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আগে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশ্ন প্রণয়ন, কেন্দ্র, পরীক্ষা গ্রহণসহ নানা বিষয়ে বোর্ডপ্রধানদের সঙ্গে গতকাল বৈঠক করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেখানেই কোচিংসেন্টার বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া নভেম্বরের মাঝামাঝি থেকে প্রবেশপত্র পাবে শিক্ষার্থীরা। প্রবেশপত্র দেখিয়ে শিক্ষার্থীরা ডিসেম্বরের আগেই বিভিন্ন কেন্দ্র থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত হয়েছে। সব কেন্দ্রে পরীক্ষা আয়োজন হবে স্বাস্থ্যবিধি মেনে। তিন ফিট দূরত্ব বজায় রেখে ‘জেড’ আকারে শিক্ষার্থীদের কেন্দ্রে বসাতে হবে। কেন্দ্রে প্রবেশের সময় তাপমাত্রা মাপা হবে সব শিক্ষার্থীর। যদি কারো তাপমাত্রা বেশি হয়, তবে ওই শিক্ষার্থীকে আইসোলেশনে নিয়ে পরীক্ষা নেওয়া হবে। সব পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। কেউ যৌক্তিক কারণে দেরি করলে কারণ ও সংক্ষিপ্ত পরিচয় খাতায় লিখে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এদিকে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৮ নভেম্বর থেকে বন্ধ রয়েছে সব কোচিং সেন্টার। এই নিষেধাজ্ঞা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। কিন্তু এইচএসসি পরীক্ষার কারণে কোচিং সেন্টার বন্ধের সময় আরও বাড়ল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.