নিউজ ডেস্ক।।
ডিজেল তেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছে মালিক সমিতি। এজন্য তারা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে চিঠি পাঠিয়েছে। দাবি মানা না হলে আগামীকাল শনিবার (৬ নভেম্বর) কর্মসূচি ঘোষণা করবে লঞ্চ মালিক সমিতি।
শুক্রবার (৫ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহাবুব উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘ডিজেলের দাম বাড়ার কারণে আমরা লঞ্চ ভাড়া শতভাগ বাড়াতে চাই। এজন্য একটি প্রস্তাবনাযুক্ত চিঠি অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এখন তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা শনিবার দুপুর পর্যন্ত দেখব। এর পর নিজেরা বসে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’
উল্লেখ্য, বুধবার মধ্যরাত থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন তেল বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ৬৫ টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
