বিশ্বকাপে সবচেয়ে হতাশাজনক দল বাংলাদেশঃ হার্শা ভোগলে

অনলাইন ডেস্ক।।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ। পুরোপুরি ব্যর্থ একটি টুর্নামেন্ট কাটানো বাংলাদেশ দল নিয়ে নিজেদের হতাশার কথা জানিয়েছেন অনেকেই। সাবেক ভারতীয় ক্রিকেটার হার্শা ভোগলেও নিজের হতাশার কথা জানিয়েছেন এই দলকে ঘিরে।
স্কটল্যান্ডের কাছে ৬ রানের হার দিয়ে ভয়াবহভাবে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর দুইটি ম্যাচ জিতে সুপার টুয়েলভে উত্তীর্ণ হলেও সুপার টুয়েলভে সকল ম্যাচেই হেরেছে তারা। চরম হতাশাজনক এই সফর শেষে ব্যাপক সমালোচনা হচ্ছে দলকে নিয়ে। সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও সম্প্রতি নিজের হতাশার কথা জানিয়েছেন বাংলাদেশকে নিয়ে।
ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ জয় প্রসঙ্গে ভোগলে জানান, ‘এই খেলাটা (ক্রিকেট) অদ্ভুত। অন্য কোনো খেলায় এরকম ঘটে কিনা আমার জানা নেই। অস্ট্রেলিয়া বাংলাদেশে গিয়ে বাংলাদেশের বিপক্ষে খেললো এবং কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারলো না। আবার সেই একই দল, প্রায় একই ক্রিকেটারদেরকে বাংলাদেশের বিপক্ষে ভিন্ন কন্ডিশনে খেললো এবং এবারের ফলাফল একেবারেই উল্টে গেলো। বাংলাদেশে আমি অনেক লোককেই বলতে শুনেছি এধরনের পিচে খেলে কোনো লাভ নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে এসব উইকেটে খেলে আপনি ১২০ রান করবেন, এতে করে আপনি ঘরের মাঠে অনেক বেশি ভালো খেলবেন এবং বিদেশে গেলে একেবারেই বাজে খেলা শুরু করবেন।’
তবে এতকিছুর পরেও বাংলাদেশ দলের প্রশংসা করেছেন ভোগলে। তার মতে, বাংলাদেশ এই বিশ্বকাপে ভালো না করলেও দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে এবং তারা সত্যিই ভালো দল। ভোগলে বলেন, ‘আমার মনে হয় তারা এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় হতাশাজনক দল ছিল। বাংলাদেশের আরও বেশি আত্মবিশ্বাস প্রয়োজন বলে আমার মনে হয়। কারণ তারা সত্যিই একটি ভালো দল। তাদের দারুণ কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে। সৌম্য, লিটন, মাহমুদউল্লাহরা যেরকম ক্রিকেটার হওয়ার কথা ছিল তারা সেরকম হতে পারেনি।  অন্য যারা উঠে আসছে তাদেরকেও নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’
শেষে ভোগলে আরও জানান, ‘তারা ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দারুণভাবে ইংল্যান্ডকে হারিয়েছিল এবং ২০১৯ বিশ্বকাপেও ভালো খেলেছিল। আমি আশা করি তারা ভবিষ্যতে ভালো করবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই তারা তাদের রেকর্ড পরিবর্তন করতে চাইবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.