অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে মুখে খাওয়ার পিল অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (৪ নভেম্বর) মার্কিন ওষুধপ্রস্তুতকারক কোম্পানি মের্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি করোনা পিল মলনুপিরাভিরের অনুমোদন দেয় দেশটি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে করোনার ‘গেম চেঞ্জার’ ওষুধ মলনুপিরাভিরের ব্যবহার শুরুর সুপারিশ করে যুক্তরাজ্যের ওষুধ এবং স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ)। তারা বলছে, করোনার পরীক্ষায় পজিটিভ ফল এবং উপসর্গগুলো প্রকাশিত হওয়ার পাঁচদিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধের ব্যবহার করতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাও এই ওষুধটির অনুমোদন দিতে সবুজ সংকেত দিয়েছে। তবে মলনুপিরাভিরের অনুমোদন দেয়া হবে কিনা তা নিয়ে চলতি মাসে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য উপদেষ্টাদের ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
ব্রিটেনের বাজারে ল্যাগেভরিও নামে বিক্রি হতে পারে এই ওষুধটি। আক্রান্ত হওয়ার শুরুর দিকে ওষুধটি দেয়া হলে তা ঝুঁকিতে থাকা রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অর্ধেকে নামিয়ে আনতে পারে।
অন্যদিকে মুখে খাওয়ার এই ওষুধ করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম বলে দাবি করেছে মের্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস।
প্রস্তুতকারক কোম্পানি মের্কের কর্মকর্তারা বলছেন, মলনুপিরাভির মানবদেহে প্রবেশকারী করোনার জেনেটিক কোডে সমস্যা সৃষ্টি করে ভাইরাসটির বংশবৃদ্ধি প্রায় স্থবির করে দেয়। আর এর ফলেই করোনা রোগীর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এবং মারা যাওয়ার সম্ভাবনা কমে যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
