ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক।।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাভারে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে শুক্রবার সকালে মহাসড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। তাদের আকস্মিক এ কর্মসূচিতে যোগ দেয় রাষ্ট্রয়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরাও। পরে একে একে তাদের সাথে একাত্মতা জানায় সাধারণ সড়ক ব্যবহারকারীরাও। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা সকাল থেকেই বিপাকে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, যানবাহন সঙ্কটে আটকে পড়া কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা সকালে প্রবেশ পত্র হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে নিজেরাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড ও ফুলবাড়ীয়া স্ট্যান্ডে অবরোধ গড়ে তোলেন। এতে মহাসড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের দু’পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।

মিরপুর বাঙলা কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী আবরার হোসেন জানান, ভোর বেলায় তিনি ভর্তি পরীক্ষার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসে কোনো গাড়ি পাননি। কোনো উপায় না পেয়ে তিনি রিকশায় করে সাভার বাজার বাসস্ট্যান্ডের এসে দেখতে পান তার মতো অনেকেই মহাসড়কে যানবাহনের অপেক্ষায়। একপর্যায়ে দীর্ঘ সময় অবস্থানের পর ক্ষোভে ফেটে পড়ে তারা নিজেরাই মহাসড়ক অবরোধ শুরু করেন। পরে তাদের সাথে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ছাড়াও সাধারণ যানবাহনকারীরা যোগ দেয়।

এদিকে আকস্মিক এই কর্মসূচিতে ব্যক্তিগত যানবাহনে করে ঢাকা যাওয়ার পথে শিমুলতলা আটকে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাসনিয়া রহমান। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, নিজেদের ব্যক্তিগত যানবাহন থাকলেও তিনি শিক্ষার্থীদের এই কর্মসূচিকে সমর্থন করেন। তার ভাষায় নিজেদের ব্যক্তিগত যানবাহনে করে কেউ পরীক্ষার হলে যেতে পারবে আর পরিবহন ধর্মঘটে কেউ আটকে থাকবে – এটা হতে পারে না।

এদিকে আগামী ৭ নভেম্বর থেকে শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ১ হাজার ৯ শ’ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন। দূরদূরান্ত থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকেই পথে নেমে ভোগান্তির মুখে পড়েছেন। ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের অভিভাবকরা সাভার এলাকার আত্মীয়-স্বজনদের বাসায় ইতোমধ্যে আসা শুরু করেছে। অনেকে আবার সাভারের আবাসিক হোটেলগুলোতে অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন। ধর্মঘটের কারণে তারা সাভারে আসতে পারবেন কি না দুঃচিন্তায় রয়েছে।

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ-উল-হাসান ধর্মঘটের ব্যাপারে নয়া দিগন্ত জানান, আমাদের ভর্তি পরীক্ষা আগামী ৭ তারিখ শুরু হবে। আশা রাখি আজকের এ ধর্মঘটের ব্যাপারে সরকার একটা পদক্ষেপ নিবেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুল করিম খান জানান, সাভারের ফুলবাড়ী এলাকায় ধর্মঘটের কারণে শিক্ষার্থীদের বিক্ষোভের খবরশুনে লোক পাঠানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.