ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম বগুড়ার সিয়াম

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদ ‘ক’ ইউনিটে প্রথম হয়েছেন মেফতাউল আলম সিয়াম। সিয়াম বগুড়ার শিবগঞ্জের দাড়িদহ গ্রামের যোগ্য বাবা খোরশেদ আলমের গর্বিত সন্তান।

গত ১ অক্টোবর এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্র সিয়াম
১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পেয়েছেন ৯৭ দশমিক ৫।

এসএসসি-এইচএসসিতে জিপিএ ফাইভ থাকায় সেখানেও ২০-এর মধ্যে সম্পূর্ণ নম্বরই পেয়েছেন। ফলে ১২০ নম্বরের মধ্যে এই শিক্ষার্থীর সর্বমোট নম্বর ১১৭ দশমিক ৫।

সিয়াম সবচেয়ে ভালো করেছেন জীববিজ্ঞান অংশে। এই অংশের লিখিত এবং এমসিকিউ ভাগে তিনি সম্পূর্ণ নম্বরই পেয়েছেন। এমসিকিউতে ১৫ এবং লিখিতে ১০।

সিয়ামের এত নম্বরে আশ্চর্য হয়েছেন ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিহির লাল সাহা। তিনি বলেন, ‘ছেলেটি লিখিত বা এমসিকিউর একটি অংশে ভালো করেছে, তা কিন্তু নয়; ছেলেটি লিখিত এবং এমসিকিউ দুই অংশেই ভালো করেছে। এটির মাধ্যমে বোঝা যায় ছেলেটি ভালো পরীক্ষা দিয়েছে এবং সে আসলেই ভালো ছাত্র।’

মেফতাউল আলম সিয়াম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটেই প্রথম হননি, তিনি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষায়ও প্রথম হন। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় সিয়ামের অবস্থান ৫৯তম।

কলেজে থাকাকালে সিয়াম বিভিন্ন পুরস্কার পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশ কেমিস্ট্রি অলম্পিয়াডে জাতীয় পর্যায়ে প্রথম, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে কলেজ পর্যায়ে অষ্টম এবং বিজ্ঞান একাডেমির স্থানীয় বিজ্ঞান অলিম্পিয়াডে তিনি প্রথম হন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.