রাজশাহীতে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার মিসর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র। এরপর রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায় মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর ব্যাপারে আলোচনা করেন তারা।
এ সময় রাসিক মেয়র বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
আলোচনাকালে রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন মিসরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।
সাক্ষাৎকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশের মধ্যে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসাতে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদ্রাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
